মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩, ১২ সফর ১৪৪৮
DristyTV

শতভাগ নির্ভুল প্রতিবেদনের নির্দেশ প্রতিমন্ত্রীর

সরকারের ১৮০ দিনের অগ্রগতি

D
Dristy TVপ্রকাশ: ২৮ জুলাই, ২০২৬ দুপুর ০১:৪৭
শতভাগ নির্ভুল প্রতিবেদনের নির্দেশ প্রতিমন্ত্রীর

লাবনী সিদ্দিকী, ঢাকা:

সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনার বাস্তবায়ন মূল্যায়নে কর্মসংস্থান, সুশাসন, নারী ক্ষমতায়ন ও স্থানীয় অর্থনীতির উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্ভুল অগ্রগতি প্রতিবেদন প্রস্তুতের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, গত ১৮০ দিনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জনগণের জীবনমান উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, নগর ব্যবস্থাপনার আধুনিকায়ন, গ্রামীণ উন্নয়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের বাস্তব অগ্রগতি এবং জনগণের জীবনে এর ইতিবাচক প্রভাব তথ্যভিত্তিক ও নির্ভুলভাবে তুলে ধরতে হবে।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন- কর্মসংস্থান সৃষ্টি, নারী ক্ষমতায়ন, স্থানীয় অর্থনীতির বিকাশ এবং জনজীবনের উন্নয়নে গৃহীত কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে প্রতিবেদন প্রস্তুত করতে হবে, যাতে সরকারের উন্নয়ন কার্যক্রমের বাস্তব চিত্র স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

মীর শাহে আলম বলেন, সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানো জরুরি। মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থাগুলোর অর্জন, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবসম্মত ও তথ্যনির্ভরভাবে উপস্থাপন করতে হবে।

তিনি আরও বলেন, উন্নয়নের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দুর্নীতি প্রতিরোধে গৃহীত কার্যকর পদক্ষেপগুলোও ১৮০ দিনের অর্জনের গুরুত্বপূর্ণ অংশ। জনকল্যাণভিত্তিক উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই সরকারের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

সভায় প্রধানমন্ত্রীর ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ দর্শনের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী ঢাকা মহানগরীসহ দেশের সব শহরের বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সমন্বিত ও টেকসই করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন- পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর মহাপরিচালক ড. রওশন আরা বেগম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম, প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুল আউয়াল, জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়াসাগুলোর ব্যবস্থাপনা পরিচালক এবং মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন।