DristyTV

এফডিসিতে বহিরাগতদের দাপট

চলচ্চিত্র দিবসে ‘বিব্রত’ ওমর সানী

D
Dristy TVপ্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬ সকাল ০৭:৪৮
এফডিসিতে বহিরাগতদের দাপট

দৃষ্টি বিনোদন:

জাতীয় চলচ্চিত্র দিবসে প্রাণের টানে এফডিসিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরলেন ঢালিউডের জনপ্রিয় নায়ক ওমর সানী। শুক্রবার (৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এফডিসির পরিবেশ, বহিরাগতদের দৌরাত্ম্য এবং সিনিয়র শিল্পীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

ওমর সানী জানান, দীর্ঘ বিরতির পর জাতীয় চলচ্চিত্র দিবসে অংশ নিতে সকালে এফডিসিতে যান তিনি। সেখানে নিজের অভিনীত কালজয়ী সিনেমা ‘চাঁদের আলো’র ব্যানার দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

তিনি জানান, এমডির কক্ষে আলাপকালে হঠাৎ প্রযোজক ও নায়ক হেলাল খান-এর নেতৃত্বে প্রায় ৪০-৫০ জন লোক সেখানে প্রবেশ করেন। একটি কেপিআইভুক্ত স্থানে এমন গণজমায়েত ও শোডাউনকে ‘বিদঘুটে’ ও ‘বিব্রতকর’ বলে উল্লেখ করেন তিনি। এতে অপমানিত বোধ করে দ্রুত স্থান ত্যাগ করেন সানী।

বর্তমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি তারেক রহমানের উদাহরণ দেন।

সানী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এখন কোনো শোডাউন ছাড়াই সাধারণ মানুষের মতো চলছেন, যা পুরো দেশকে চমকে দিচ্ছে। অথচ চলচ্চিত্রের জায়গায় এখনো কেন দলীয় আবহে শোডাউন দেখা যাবে? এটা অত্যন্ত দৃষ্টিকটু।

তিনি আরও বলেন, খেলোয়াড় ও শিল্পীদের পেশাদার জীবনে দলীয় প্রভাবমুক্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

চলচ্চিত্র দিবসে এমন বিশৃঙ্খলা দেখলে প্রধানমন্ত্রী নিজেও ‘মাইন্ড’ করবেন বলে মন্তব্য করেন তিনি। এফডিসির সামনের সারিতে প্রকৃত শিল্পীদের বদলে বহিরাগতদের ভিড় নিয়ে আক্ষেপ প্রকাশ করে ওমর সানী বলেন, শিবা সানু বারবার অনুরোধ করা সত্ত্বেও বহিরাগতরা সামনের কাতার দখল করে রেখেছিল। প্রকৃত শিল্পীদের সম্মান দেওয়ার পরিবর্তে তারা ছবি তোলা ও নিজেদের জাহির করার প্রতিযোগিতায় লিপ্ত ছিল।

তিনি আরও জানান, চলচ্চিত্রের কিংবদন্তি উজ্জ্বল-সহ অনেক সিনিয়র শিল্পীর উপস্থিতি আশা করেছিলেন। কিন্তু কাউকেই দেখতে না পেয়ে হতাশ হয়ে ফিরে আসেন।

ভিডিওর শেষে আবেগঘন কণ্ঠে ওমর সানী অনুরোধ করেন, চলচ্চিত্রের মানুষকে যেন তাদের মতো করে থাকতে দেওয়া হয়। তিনি বলেন, বাইরে থেকে এসে আমাদের খাবলিয়ে বা চিমটি কাটা ঠিক না। আমরা চলচ্চিত্রের মানুষ, দিনশেষে আমরা চলচ্চিত্রকেই ভালোবাসি। দয়া করে এখানে আর শোডাউন করার চেষ্টা করবেন না।

ওমর সানীর এই মন্তব্য ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে এফডিসির সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসিতে আয়োজিত অনুষ্ঠানে হাতেগোনা কিছু পরিচালক ও শিল্পী ছাড়া তেমন পরিচিত মুখ দেখা যায়নি। শিল্পীদের প্রতিনিধি হিসেবে রোজিনা, পলি, সনি ও জয় চৌধুরী উপস্থিত ছিলেন। সাদামাটা আয়োজনে অনেকটাই তারকাশূন্য ছিল চলচ্চিত্র দিবস।