শুক্রবার ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩, ৩ মহররম ১৪৪৮
DristyTV

টাঙ্গাইলে উচ্চ জলাধার নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন

D
Dristy TVপ্রকাশ: ১৯ জুন, ২০২৬ সকাল ১১:১৩
টাঙ্গাইলে উচ্চ জলাধার নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন

দৃষ্টি রিপোর্ট:

টাঙ্গাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঈদগাঁ মাঠ সংলগ্ন এলাকায় পানি সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় একটি উচ্চ জলাধার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি প্রধান অতিথি হিসেবে ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, টাঙ্গাইল পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থার পাশাপাশি আরও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে দুইটি ভূ-গর্ভস্থ পানি শোধনাগার (প্রতি ঘণ্টায় ৩৫০ ঘনমিটার পানি পরিশোধন ক্ষমতা সম্পন্ন) এবং দুইটি ৬৮০ ঘনমিটার ধারণক্ষমতা সম্পন্ন উচ্চ জলাধার নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পে ১৯ কোটি ১ লাখ ৩৬ হাজার ৭৯৪ টাকা ব্যয়ে পানি পরিশোধনাগার নির্মাণ এবং ৬ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ৩১১ টাকা ব্যয়ে উচ্চ জলাধার নির্মাণ করা হচ্ছে।

সূত্রমতে, প্রকল্প বাস্তবায়নের পর পৌরসভার ৪, ৫, ৬, ১৫, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে প্রায় ১৪ কিলোমিটার পাইপলাইন স্থাপনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ করা হবে। ইতোমধ্যে প্রকল্পের আওতায় ৯টি উৎপাদক নলকূপ স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এতে টাঙ্গাইল পৌর এলাকার দীর্ঘদিনের পানি সংকট অনেকাংশে দূর হবে এবং পৌরবাসী নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রাইসুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু সহ দলীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল-৫(সদর) আসনের এমপি সুলতান সালাউদ্দিন টুকু প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা। টাঙ্গাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ও আশেকপুর বাইপাস এলাকায় ওভারহেড পানির ট্যাংক নির্মাণ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দারা নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ সুবিধা পাবেন।

তিনি বলেন, টাঙ্গাইলকে যেভাবে উন্নত ও আধুনিক নগরী গড়ার প্রতিশ্রুতি দিয়েছি- সে অনুযায়ী কার্যক্রম শুরু করেছি। আমি নিজে কোনো অন্যায় করব না এবং কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না।