শুক্রবার ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩, ৩ মহররম ১৪৪৮
DristyTV

পানিতে ডুবে চাচা-ভাতিজার সলিল সমাধি

D
Dristy TVপ্রকাশ: ১৯ জুন, ২০২৬ সকাল ১১:১০
পানিতে ডুবে চাচা-ভাতিজার সলিল সমাধি

দেলদুয়ার প্রতিনিধি:

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে শুক্রবার (১৯ জুন) দুপুরে পুকুরের পানিতে ডুবে চাচা ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন- দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া গ্রামের রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান(১২) এবং একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফয়সাল(৭)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ(ওসি) সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে দুই শিশু সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে বিদ্যালয়ের পাশের পুকুরে তারা গোসল করতে নামে। গোসলের সময় ভাতিজা ফয়সাল পানিতে ডুবে গেলে চাচা আব্দুর রহমান তাকে বাঁচাতে গিয়ে দুজনেই মারা যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে।

আতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক জানান, মৃত দুই শিশু সম্পর্কে চাচা-ভাতিজা। তারা সাইকেল নিয়ে বাড়ির পাশে স্কুলের খেলার মাঠে খেলতে যায়। খেলা শেষে দুজনে পাশের একটি দোকানে কলা খেয়ে পুকুরে গোসলে নামে। গোসলের সময় সম্ভবত সাত বছরের ফয়সাল পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করতে আব্দুর রহমান যায়। সেখানে উদ্ধার করতে ব্যর্থ হয়ে দুজনেই পানিতে ডুবে মারা যায়। এরপর পথচারীরা একজনকে ভাসতে দেখে ছুটে গিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ(ওসি) সাখাওয়াত হোসেন জানান, এ দুর্ঘটনায় মৃত দুইজনের মরদেহ থানা নিয়ে আসা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।