সোমবার ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ্জ ১৪৪৭
DristyTV

ভাসানী বিশ্ববিদ্যালয়ে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা

D
Dristy TVপ্রকাশ: ১৭ মে, ২০২৬ দুপুর ০১:৪৫
ভাসানী বিশ্ববিদ্যালয়ে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা

দৃষ্টি রিপোর্ট:

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আয়োজিত জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অনুষ্ঠিত হয়েছে। সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের উদ্যোগে ওই প্রতিযোগিতানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য(ভিসি) অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

শনিবার(১৬ মে) ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির সহযোগী বাস্তবায়নে দিনব্যাপী প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মেহেদী হাসান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, ইঞ্জিনিয়রিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী। এছাড়া বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল নাসিরসহ অন্যান্য শিক্ষক ও আইসিটি বিভাগের অধ্যাপক ড. জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসে দেশের মেধাবী তরুণ শিক্ষার্থীদের এমন একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর আয়োজনে অংশ নিতে পারা আমার জন্য অত্যন্ত গৌরবের।

তিনি বলেন, আমি মনে করি, এটি কেবল একটি আনুষ্ঠানিক সূচনা নয়; বরং এটি ভবিষ্যৎ বাংলাদেশের সঙ্গে পথচলার এক অনুপ্রেরণাময় শুরু। আজ আমি যাদের সামনে দাঁড়িয়ে আছি, তোমরাই আগামি দিনের বিজ্ঞানী, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, গবেষক, উদ্যোক্তা এবং দেশের নেতৃত্বদানকারী নাগরিক।

তিনি আরো বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তি ও জ্ঞানই সবচেয়ে বড় শক্তি। যে জাতি প্রযুক্তিতে দক্ষ, সেই জাতিই বিশ্বে এগিয়ে যাচ্ছে। তাই স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের প্রোগ্রামিং, যুক্তিভিত্তিক চিন্তা ও সাধারণ জ্ঞানের চর্চায় উদ্বুদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রকাশ, প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতায় টাঙ্গাইলের বিভিন্ন হাইস্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রোগ্রামিং প্রতিযোগিতায় জুনিয়র (৬ষ্ঠ থেকে ৮ম), সেকেন্ডারী (৯ম থেকে ১০ম) ও সিনিয়র একাদশ থেকে দ্বাদশ শ্রেণির গ্রুপে ২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

কুইজ প্রতিযোগিতায় জুনিয়র (৬ষ্ঠ থেকে ৮ম) ও সিনিয়র (একাদশ থেকে দ্বাদশ) শ্রেণির ১০১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রোগ্রামিং প্রতিযোগিতায় ৩টি গ্রুপের বিজয়ী ৮ জনকে এবং কুইজ প্রতিযোগিতায় ২টি গ্রুপের বিজয়ী ২০জনকে পুরস্কার প্রদান করা হয়।

ভাসানী বিশ্ববিদ্যালয়ে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা | DristyTV