বুধবার ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩, ১৩ সফর ১৪৪৮
DristyTV

হবিগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি

D
Dristy TVপ্রকাশ: ২৯ জুলাই, ২০২৬ দুপুর ১২:১৯
হবিগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জিএম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়, একই সময়ে ও একই স্থানে পৃথক রাজনৈতিক কর্মসূচি ঘোষণার কারণে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং আইন-শৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জনশৃঙ্খলা বজায় রাখতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জারি করা আদেশ অনুযায়ী হবিগঞ্জ পৌর এলাকায় ৫ (পাঁচ) বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, সভা-সমাবেশ, বিক্ষোভ, স্লোগান, পিকেটিং, উসকানিমূলক কার্যক্রম এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে- এমন সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।