রবিবার ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৪ জিলহজ্জ ১৪৪৭
DristyTV

বাস, ট্রেন ও লঞ্চে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ

D
Dristy TVপ্রকাশ: ৩১ মে, ২০২৬ সকাল ১১:৪৮
বাস, ট্রেন ও লঞ্চে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ

দৃষ্টি নিউজ:

কোরবানির ঈদের ছুটি শেষে বাস, ট্রেন ও লঞ্চযোগে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। দেশের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীদের ভিড় দেখা গেছে সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে। রোববার (৩১ মে) সকাল থেকে রাজধানীর প্রবেশপথগুলোতে ফিরতি যাত্রীদের চাপ লক্ষ করা যায়। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফেরা মানুষকে বাস, ট্রেন ও লঞ্চ থেকে নেমে গন্তব্যে পৌঁছাতে রিকশা, সিএনজি ও বাস ব্যবহার করতে দেখা গেছে।

দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফেরা কর্মজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোগান্তি এড়িয়ে কর্মস্থলে যোগ দিতে আগেভাগেই ঢাকায় ফিরেছেন তারা।

জামালপুর থেকে আসা আরিফুল ইসলাম বলেন, ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে সময় কাটিয়েছি। কোরবানি দিয়েছি, আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেছি। কাল থেকে অফিস শুরু হবে, তাই আজই ঢাকায় ফিরে এলাম।

সায়েদাবাদ বাস টার্মিনালে নোয়াখালী থেকে আসা আব্দুর রহিম বলেন, ঢাকায় একটি মার্কেটে চাকরি করি। দু’এক দিনের মধ্যেই দোকান খুলবে। তাই আগেভাগে চলে এসেছি। পরে আরও বেশি ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। যাত্রীদের চাপ বাড়ার আগেই পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় চলে এসেছি।

ফিরতি যাত্রীর সংখ্যা বাড়ায় রাজধানীর সড়কেও যানবাহনের উপস্থিতি বেড়েছে। তাছাড়া নগরীতে কর্মচাঞ্চল্যও ফিরতে শুরু করেছে। যদিও এখনও অনেক এলাকায় ঈদের ছুটির আমেজ বিরাজ করছে, তবে কর্মজীবী মানুষের ফেরার কারণে রাজধানী ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে।

সংশ্লিষ্টরা বলছেন, আগামি দু’এক দিনের মধ্যে আরও বেশিসংখ্যক মানুষ রাজধানীতে ফিরে আসবেন। ফলে যানবাহনের চাপ ও নগরীর কর্মব্যস্ততাও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।