নাগরপুরে নববর্ষ বরণে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

নাগরপুর প্রতিনিধি:
বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতায় টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পহেলা বৈশাখ ও শুভ নববর্ষ-১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. রেজাউল ইসলাম-এর সঞ্চালনায় দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নাগরপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
‘নববর্ষের একতান, গণতন্ত্রের জয়গান’- এই প্রতিপাদ্যে আয়োজিত শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। বর্ণিল পোশাক, মুখোশ, ফেস্টুন ও লোকজ বাদ্যযন্ত্রে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সর্বত্র।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিডি) ইফতেখার সারোয়ার ধ্রুব, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. হাবিবুর রহমান হাবিব, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, নয়ন খান মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মনসুর, প্রাক্তন প্রধান শিক্ষক শম্ভুনাথ সাহা এবং বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন, দুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা মমতাজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে নববর্ষের আনন্দকে প্রাণবন্ত করে তোলেন।




