মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৯ জিলহজ্জ ১৪৪৭
DristyTV

কালিহাতীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

D
Dristy TVপ্রকাশ: ২৬ মে, ২০২৬ দুপুর ০২:০৪
কালিহাতীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

কালিহাতী প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের সরাগী গ্রামে নিখোঁজের দুইদিন পর তোফাজ্জল হোসেন নামে এক ব্যবসায়ীর মরদেহ বিল থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিকালে বাড়ির পাশের বিল থেকে মরদেহটি পুলিশ উদ্ধার করে। নিহত তোফাজ্জল হোসেন(৩৬) সরাগী গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।

এর আগে, তোফাজ্জল ছাগলের ভুষি কেনার জন্য রোববার(২৪ মে) রাত ৮ টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেন নি। সারারাত বাড়িতে না ফেরায় তার স্ত্রী ও পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও কোনো সন্ধান পাননি।

পরদিন সোমবার (২৫ মে) সকালে তোফাজ্জলের ব্যবসায়ীক অংশীদার একই গ্রামের ফারুক হোসেন তার(তোফাজ্জলের) বাড়িতে গিয়ে জানায় পুকুর পাড়ে তোফাজ্জলের লাইট, মোবাইল, ভুষি ও রক্ত পড়ে আছে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনব্যপী সরাগী গ্রামের তিনটি পুকুরসহ আশেপাশের জলাশয়ে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে মঙ্গলবার বিকালে সরাগী বিলে তার বস্তাবন্দী মরদেহ ভেসে ওঠে।

এ বিষয়ে কালিহাতী থানার এসআই আমিনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহের বাম চোখ, কপালের বাম পাশে ও ঘাড়ের উপরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়ের পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।