শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩, ২৯ শাওয়াল ১৪৪৭
DristyTV

এমপি গ্রুপের হামলায় বিএনপির চার নেতাকর্মী আহত

নেপথ্যে বালু ব্যবসার আধিপত্য

D
Dristy TVপ্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫৪
এমপি গ্রুপের হামলায় বিএনপির চার নেতাকর্মী আহত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীতে সাদা সোনা খ্যাত বালু ব্যবসার আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় এমপি লুৎফর রহমান মতিনের গ্রুপের হামলায় স্থানীয় বিএনপির চার নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত গভীর রাতে এলেঙ্গা পৌরসভার হলপাড় এলাকায় ওই ঘটনা ঘটে। এ বিষয়ে শুক্রবার(১৭ এপ্রিল) বিকালে কালিহাতী থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

আহতরা হচ্ছেন- এলেঙ্গা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন ফকির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলামিন মিয়া, বিএনপি নেতা ও প্রবাসী ব্যবসায়ী হাফিজুর রহমান এবং বিএনপি নেতা শিক্ষক শফিকুল ইসলাম। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, বিএনপি সরকার গঠনের পর টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের এমপি লুৎফর রহমান মতিনের ভাই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আখতারুজ্জামান সিকদারের নেতৃত্বে উপজেলা বিএনপির নেতাকর্মীদের বাদ দিয়ে তার ভাই-ভাতিজাসহ গ্রামের কিছু উঠতি বয়সীর ছেলেদের নিয়ে সংঘবদ্ধ একটি বলয় গড়ে তুলেন। তারা স্থানীয়ভাবে সাদা সোনা খ্যাত বালু ব্যবসার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও মাদক ব্যবসায়র মাধ্যমে টাকা ইনকামে নেমে পড়ে। বিএনপির পদধারী স্থানীয় নেতারা এ বিষয়ে প্রথম থেকেই প্রতিবাদী ভূমিকা পালন করছিলেন।

স্থানীয়রা জানায়, বুধবার(১৫ এপ্রিল) পৌরসভার রাজাবাড়ী এলাকার জলিল ড্রাইভারের ছেলে উজ্জ্বল সরকারের সাথে ভাবলা এলাকার বালু ব্যবসা নিয়ে এমপির ভাতিজা রাকিব সিকদারের বাক বিতন্ডা ও ঝগড়া হয়। এরই ধারাবাহিকতায় ওইদিন রাতে উজ্জল সরকারের উপর হামলা করার জন্য রাকিব সিকদার ও রুবেল সিকদার সহ ১৫-২০ জন যুবক-কিশোর হাতে দা, চাইনিজ কুড়াল ও রড নিয়ে তাকে খুঁজতে থাকে। পরিস্থিতি বুঝতে পেরে উজ্জল সরকার দৌঁড়ে স্থানীয় ব্রাইট লাইফ মাদকাসক্ত কেন্দ্রে ঢুকে গেইট আটকে হামলা থেকে রক্ষা পান। তাকে না পেয়ে উল্লেখিতরা উজ্জ্বল সরকারের গাড়ি ভাঙচুর করে। এবং রাত সোয়া ১২টার দিকে স্থানীয় বিএনপি অফিসে গিয়ে অতর্কিত হামলা চালিয়ে এলেঙ্গা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন ফকির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলামিন মিয়া, বিএনপি কর্মী প্রবাসী ব্যবসায়ী হাফিজুর রহমান এবং স্থানীয় রফিক-রাজু একাডেমির পরিচালক শফিকুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

হামলার শিকার বিএনপি নেতা আলামিন মিয়া জানান, স্থানীয় এমপি লুৎফর রহমান মতিনের ভাই আখতারুজ্জামান ওরফে বাবুল সিকদারের নির্দেশে এমপির ভাতিজা রাকিব সিকদার ও রুবেল সিকদার সহ ১৫-২০ জন হলপাড় বিএনপি অফিসে গিয়ে অতর্কিত হামলা চালায়। হামলার ঘটনায় বিষয়ে তারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তারা বালু ব্যবসার সঙ্গে জড়িত নন এবং অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে তারা প্রতিবাদ করে থাকেন।

স্থানীয় এমপির ভাই আখতারুজ্জামান সিকদার জানান, মারপিটের ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়েরের কথা তিনি শুনেছেন। তবে ওই ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) জেওএম তৌফিক আজম জানান, এলেঙ্গায় মারপিটের ঘটনায় এক পক্ষের অভিযোগ তিনি পেয়েছেন। অপরপক্ষের অভিযোগ তিনি এখনও পাননি। তবে পাল্টাপাল্টি অভিযোগ হলে দুটি অভিযোগই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।