রবিবার ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৭
DristyTV

গোপালপুরের গোয়ালবাড়ী খাল তিন দশক পর পুনঃখননের উদ্বোধন

D
Dristy TVপ্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬ সকাল ১০:২১
গোপালপুরের গোয়ালবাড়ী খাল তিন দশক পর পুনঃখননের উদ্বোধন

গোপালপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া গ্রামের গোয়ালবাড়ী খাল তিন দশক পর পুনঃখনন কাজ শুরু হয়েছে। রোববার(১২ এপ্রিল) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ৬ কিলোমিটার দীর্ঘ এই খাল পুনঃখননের উদ্বোধন করেন, সাবেক শিল্প উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু এমপি।

খাল পুনঃখননের উদ্বোধন উপলক্ষে শাখারিয়া আশ্রয়ন প্রকল্প মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে কৃষক সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আলম রুবেল, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিন, হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার প্রমুখ।

হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার জানান, খালটি ১৯৯৬ সালে একবার পুনঃখনন করা হয়েছিল কিন্তু যমুনার বালি পড়ে খালটি ভরাট গেছে। পুনঃখননের পর স্লুইসগেট কার্যকর হলে বর্ষার সময় নদীর পানি খালে প্রবেশ করবে- যা এলাকার জলাশয় ও বিলঝিলে প্রাকৃতিকভাবে মৎস্যচাষে সহায়ক হবে।

গোপালপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মো. আরিফুল ইসলাম জানান, খাল পুনঃখননের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির(ইজিপিপি) মাধ্যমে দেড় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। খালপুনঃখননের পাশাপাশি খাল দু’পাশে সৌন্দর্য বৃদ্ধির জন্য বৃক্ষরোপণ করা হবে- যা স্থানীয় ৩৫০ জন অতিদরিদ্র মানুষের কর্মসংস্থান নিশ্চিত করবে।