সরকারি খাতায় ‘মৃত’ ইমান আলী দপ্তরে দপ্তরে ঘুরছেন

দৃষ্টি রিপোর্ট:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার এক জীবিত ব্যক্তিকে সরকারি ভোটার তথ্যভাণ্ডারে ‘মৃত’ দেখানো হয়েছে। ফলে তিনি শুধু ভোটাধিকারই হারাননি, নিজের জীবিত থাকার প্রমাণ দিতে এখন দপ্তরে দপ্তরে ঘুরতে হচ্ছে। ভুক্তভোগী ইমান আলী শেখ উপজেলা সদরের ফসলান্দি এলাকার মৃত মাজম আলী শেখের ছেলে। তার এমন দুর্ভোগ স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় ইমান আলী শেখকে মৃত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ তিনি জীবিত এবং পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবে বসবাস করছেন। সরকারি এ ভুলের কারণে গত জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়েও ভোট দিতে পারেননি তিনি। নির্বাচন কর্মকর্তারা তাকে জানান, সরকারি তথ্য অনুযায়ী তিনি মৃত। এরপর থেকেই তথ্য সংশোধনের জন্য বিভিন্ন দপ্তরে বারবার যোগাযোগ করলেও এখনো কোনো সমাধান পাননি।
ইমান আলী শেখ বলেন, 'আমি জীবিত, অথচ সরকারি কাগজে আমাকে মৃত বানিয়ে রাখা হয়েছে। নিজের জীবিত থাকার প্রমাণ দিতে অফিসে অফিসে ঘুরছি। ভোট দিতে পারিনি। এখন যেকোনো সরকারি কাজেও সমস্যায় পড়ছি।'
স্থানীয়দের দাবি, শুধু ইমান আলী শেখের তথ্য সংশোধন করলেই দায়িত্ব শেষ নয়; কীভাবে একজন জীবিত মানুষকে সরকারি তথ্যভান্ডারে মৃত দেখানো হলো, তা তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে আর কোনো নাগরিক এমন ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।
তারা জানান, একজন জীবিত মানুষকে সরকারি নথিতে মৃত দেখানো চরম অবহেলা ও দায়িত্বহীনতার পরিচয়। বিষয়টি দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে আরও জটিলতার মুখে পড়বেন ভুক্তভোগী।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা নার্গিস সুলতানা জানান, ভুক্তভোগী অফিসে যোগাযোগ করলে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত
১৪/০৭/২০২৬

আগামিকাল মহান মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী
১৩/০৭/২০২৬

নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী
১২/০৭/২০২৬

টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের গড়াঞ্চলে বন্যপ্রাণির সুরক্ষায় রোপওয়ে করিডোর
১০/০৭/২০২৬

মালয়েশিয়া প্রবাসী যুবকের লাশ ফিরল কফিনে
০৭/০৭/২০২৬

কালিহাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
০৬/০৭/২০২৬
