অবশেষে কালিহাতী উপজেলা প্রকৌশলী আরিফ পদ ছাড়লেন

কালিহাতী প্রতিনিধি:
অবশেষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিদায়ী প্রকৌশলী আরিফ হোসেন দায়িত্ব হস্তান্তর করে কর্মস্থল ছেড়েছেন। বৃহস্পতিবার(৩০ এপ্রিল) বিকালে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানের উপস্থিতিতে নতুন প্রকৌশলী সানোয়ার হোসেনের কাছে তিনি লিখিতভাবে দায়িত্ব বুঝিয়ে দেন।
সম্প্রতি ‘বদলি হয়েও দায়িত্ব ছাড়ছেন না উপজেলা প্রকৌশলী!’ শিরোনামে পত্র-পত্রিকা ও অনলাইন নিউজপোর্টালে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর এলজিইডি’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে নির্বাহী প্রকৌশলীর সরাসরি হস্তক্ষেপে দীর্ঘ কালক্ষেপণের পর বিদায়ী এই প্রকৌশলী দায়িত্ব ছাড়তে বাধ্য হন।
দাপ্তরিক আদেশে গত ৮ এপ্রিল কালিহাতী উপজেলা প্রকৌশলী আরিফ হোসেনকে কক্সবাজারের চকরিয়ায় এবং ভূঞাপুর উপজেলা প্রকৌশলী মো. সানোয়ার হোসেনকে কালিহাতীতে বদলি করা হয়েছিল। ১২ ও ১৩ এপ্রিলের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদানের কথা থাকলেও আরিফ হোসেন কেবল কাগজ-কলমে যোগদান দেখিয়ে কালিহাতীর চেয়ার আঁকড়ে ধরে ছিলেন। অভিযোগ ছিল, বিদায় নেওয়ার আগে বিভিন্ন প্রকল্পের বিল পাশ করিয়ে মোটা অঙ্কের অনৈতিক সুবিধা নিতেই তিনি সময়ক্ষেপণ করছিলেন।
নবনিযুক্ত উপজেলা প্রকৌশলী মো. সানোয়ার হোসেন দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি লিখিতভাবে চার্জ বুঝে পেয়েছি। যোগদান করেই অফিসের সকল স্টাফদের সাথে বৈঠক করেছি এবং কাজের গতি ফেরানোর চেষ্টা করছি।’
এদিকে বিদায়ী প্রকৌশলী আরিফ হোসেন তার বিরুদ্ধে ওঠা ঘুষের অভিযোগ অস্বীকার করে জানান, তিনি চকরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান কোন মন্তব্য করতে রাজি হননি।
সম্পর্কিত খবর

টাঙ্গাইল মেডিকেলে মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে রোগীর মৃত্যু
৩০/০৪/২০২৬

পথচারীদের তৃষ্ণা নিবারণে ‘সবুজ পৃথিবী’র টিউবওয়েল স্থাপন
২৮/০৪/২০২৬

টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
২৮/০৪/২০২৬

পরিমাপে জ্বালানি তেল কম :: জরিমানা ৫০ হাজার
২৮/০৪/২০২৬

কুকুরের কামড়ে ৯ শিশুসহ ৫৪ জন আহত
২৭/০৪/২০২৬

অবৈধ বালু উত্তোলনকারীদের ড্রেজার ধ্বংস
২৭/০৪/২০২৬
