হাসপাতালে রোগীবান্ধব উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সভা

দৃষ্টি রিপোর্ট:
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
সভায় হাসপাতালের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়ন, চিকিৎসক ও অন্যান্য জনবল সংকট দূরীকরণ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিতকরণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে রোগীদের পরীক্ষা-নিরীক্ষার মান বৃদ্ধি, ওয়ার্ডের পরিবেশ উন্নয়ন, দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ এবং অ্যাম্বুলেন্স সেবার আধুনিকায়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।
সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম-সচিব মো. মুস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, টাঙ্গাইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নূরুল আমিন মিঞা, হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস প্রমুখ।
সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, ‘টাঙ্গাইল জেলার মানুষ যাতে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। হাসপাতালের জনবল সংকট দ্রুত নিরসনের চেষ্টা করা হবে। তবে নতুন জনবল নিয়োগ না হওয়া পর্যন্ত বিদ্যমান জনবল দিয়েই সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে।’ এ সময় তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, ‘চিকিৎসা পেশা অত্যন্ত মানবিক ও দায়িত্বপূর্ণ। মানুষ অসুস্থ হলে সর্বপ্রথম হাসপাতালের শরণাপন্ন হয়। তাই চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সীমিত জনবল থাকলেও সম্মিলিত প্রচেষ্টায় মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব।’
এ সময় প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

টাঙ্গাইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন
২৮/০৬/২০২৬

টাঙ্গাইলে সাংবাদিকের বাবার ইন্তেকাল
২৫/০৬/২০২৬

হাসপাতালের উপ-পরিচালককে শোকজ- সব ছুটি বাতিল!
১৭/০৬/২০২৬

মধুপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত
০৬/০৬/২০২৬

বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছিল :: প্রতিমন্ত্রী টুকু
২০/০৪/২০২৬

নববর্ষের জনসমাগমে হাম ছড়ানোর তীব্র ঝুঁকি
১৩/০৪/২০২৬
