বৃহস্পতিবার ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৮ জিলহজ্জ ১৪৪৭
DristyTV

টাঙ্গাইলে বজ্রসহ বৃষ্টি বা হালকা বৃষ্টির সম্ভাবনা ৫০ থেকে ৬০ শতাংশ

দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবণতা বাড়তে পারে

D
Dristy TVপ্রকাশ: ৪ জুন, ২০২৬ দুপুর ১২:১৮
টাঙ্গাইলে বজ্রসহ বৃষ্টি বা হালকা বৃষ্টির সম্ভাবনা ৫০ থেকে ৬০ শতাংশ

দৃষ্টি রিপোর্ট:

আগামি পাঁচ দিনে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামি ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়াবিদদের মতে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

বর্তমানে চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। তবে শুক্রবার (৫ জুন) থেকে দেশের কিছু এলাকায় তাপপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, টাঙ্গাইলের আজকের বৃহস্পতিবারের (৪ জুন) আবহাওয়া মূলত মেঘলা এবং বিক্ষিপ্তভাবে বজ্রঝড়সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বর্তমান পরিস্থিতি এবং আগামি কয়েকদিনের দিনের তাপমাত্রা ৩৫° থেকে ৩৬° সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। তবে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় গরমের অনুভূতি এর চেয়েও বেশি (Real Feel) হতে পারে। আজ বৃহস্পতিবার ও আগামিকাল বজ্রসহ বৃষ্টি বা হালকা বৃষ্টির সম্ভাবনা ৫০% থেকে ৬০% পর্যন্ত রয়েছে। এছাড়া পরবর্তী কয়েকদিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

অপরদিকে, শুক্রবার(৫ জুন) দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবারও (৬ জুন) দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

রোববার (৭ জুন) বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এদিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

সোমবারও (৮ জুন) দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এদিনও দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, জলীয় বাষ্পের আধিক্যের কারণে আপাতত দেশের বিভিন্ন এলাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে। তবে বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপপ্রবাহের প্রভাব ধীরে ধীরে কমে আসবে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আগামি সপ্তাহের শুরুতে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে, যা দেশের চলমান গরম পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি এনে দিতে পারে।