শনিবার ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩, ৪ মহররম ১৪৪৮
DristyTV

বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের জায়গা হবেনা :: প্রতিমন্ত্রী টুকু

D
Dristy TVপ্রকাশ: ২০ জুন, ২০২৬ দুপুর ০২:১৮
বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের জায়গা হবেনা :: প্রতিমন্ত্রী টুকু

দৃষ্টি রিপোর্ট:

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জায়গা হবেনা। আগামি দিনে ফ্যাসিবাদ যাতে মাথাচারা দিয়ে উঠতে না পারে সেলক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শনিবার(২০ জুন) দুপুরে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমের ৪৫তম শাহাদৎ বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নিকট অতীতে আমরা একসাথে আন্দোলন করেছি, ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ হটিয়েছি। আগামির সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, বিএনপি সরকার ক্ষমতা নিয়েছে মাত্র তিন মাস। জনগণ পাঁচ বছরের জন্য ভোট দিয়েছে। পাঁচ বছর পর আবার ভোট হবে। ক্ষমতার পাঁচ বছরে আমরা কী করলাম আর না করলাম তার হিসাব কিন্তু জনগনকে দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ আলোচক ছিলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, মজলুম জননেতা মওলানা ভাসানীর দৌহিত্র ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাদৎ-আল-হারুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের অধ্যাপক ড. মনির মোর্শেদ।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।