শনিবার ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩, ৪ মহররম ১৪৪৮
DristyTV

ছাগল ছানা উদ্ধারে গিয়ে চার গারো আদিবাসীর মর্মান্তিক মৃত্যু

D
Dristy TVপ্রকাশ: ২০ জুন, ২০২৬ দুপুর ০২:১০
ছাগল ছানা উদ্ধারে গিয়ে চার গারো আদিবাসীর মর্মান্তিক মৃত্যু

মধুপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলই এলাকায় একটি পরিত্যক্ত সেফটিক ট্যাংকে পড়ে যাওয়া ছাগল ছানা উদ্ধার করতে গিয়ে একে একে ট্যাংকের ভেতরে ঢুকে চারজন গারো আদিবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে মধুপুর উপজেলার টেলকি-জলই এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- জলই গ্রামের গ্র্যাব্রিয়েল নকরেক (৪৫), একই গ্রামের রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) এবং নেইমার ম্রং(১০)। তাদের মধ্যে বাবুল হাদিমা-নেইমার ম্রং পিতা-পুত্র। অন্যরা প্রতিবেশি।

np7OMqp3CSzKdS52y4B2g4lCXVdRjFf1YjBNywmr.jpg

স্থানীয়রা জানায়, শনিবার সকালে একটি ছাগল ছানা পরিত্যক্ত সেফটিক ট্যাংকের ভেতরে পড়ে যায়। ছাগল ছানাটিকে উদ্ধার করার জন্য প্রথমে গ্র্যাব্রিয়েল নকরেক (৪৫) ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পর তিনি কোনো সাড়া না দিলে তাকে উদ্ধারের জন্য একে একে আরও তিনজন ট্যাংকের ভেতরে নেমে আর ফিরে আসেনি। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করলে তারা মধুপুর ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর ট্যাংকের ভেতর থেকে চার জনের মরদেহ এবং ছাগল ছানাটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিত্যক্ত সেফটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস জমে থাকার কারণে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ মর্মান্তিক ঘটনায় পুরো টেলকি-জলই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

iXZJKNlDD63chyHjqHV1rd4To5MYPkuJTHA8iq3w.jpg

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার জানান, বাবুল হাদিমার একটি ছাগলছানা টেলকি বাজারের উত্তর-পশ্চিম পাশে জলই গ্রামে মসজিদসংলগ্ন একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়। ছাগল ছানাটি তুলতে প্রথমে কূপে নামে কিশোর নেইমার। কিছু সময় পার হয়ে গেলেও তার কোনো সাড়া না পেয়ে পরে কূপে নামেন বাবুল হাদিমা। এরপর একে একে কূপে নামা চারজনের কারও সাড়া না পেয়ে স্থানীয়রা ডাকাডাকি শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে অক্সিজেনশূন্য পরিত্যক্ত কূপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ফায়ার ফাইটার মনিরকে নামিয়ে একে একে চারজনের মরদেহ এবং ছাগল ছানাটির মৃতদেহ উদ্ধার করে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক জানান, ফায়ার সার্ভিসের কাছ থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।