বুধবার ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৪ জিলহজ্জ ১৪৪৭
DristyTV

টায়ার পুড়িয়ে নকল তেল তৈরির কারখানা সিলগালা

D
Dristy TVপ্রকাশ: ১০ জুন, ২০২৬ দুপুর ০২:৪০
টায়ার পুড়িয়ে নকল তেল তৈরির কারখানা সিলগালা

দৃষ্টি রিপোর্ট:

টাঙ্গাইলে গাড়ির টায়ার ও পুরনো বৈদ্যুতিক তার পুড়িয়ে অবৈধভাবে নকল তেল তৈরির একটি কারখানায় সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ জুন) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ শর্মার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত সদর উপজেলার শিবপুর এলাকাস্থ ‘আনোয়ার এন্টারপ্রাইজ’ নামে ওই অবৈধ কারখানায় অভিযান চালায়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ ওই অভিযান চালানোকালে পরিবেশের মারাত্মক ক্ষতি করার অপরাধে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকারি অনুমোদন ছাড়া শিবপুর এলাকায় দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে গাড়ির টায়ার ও পুরনো বৈদ্যুতিক তার পুড়িয়ে ‘আনোয়ার এন্টারপ্রাইজ’ নামক কারখানায় ক্ষতিকারক নকল তেল তৈরি করা হচ্ছিল। কারখানার কালো ধোঁয়া ও দুর্গন্ধে চারপাশের পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ শর্মার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান চালায়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ শর্মা জানান, গাড়ির টায়ার ও পুরনো বৈদ্যুতিক তার পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং ‘আনোয়ার এন্টারপ্রাইজ’ নামক কারখানাটি সিলগালা করা হয়েছে। পরিবেশ রক্ষায় জেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল। অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা এইচএম জিয়াউর রহমান সহ অন্যান্য কর্মচারী এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।