পিটিয়ে মাকে খুনের দায়ে ছেলের যাবজ্জীবন

D
Dristy TV
নাগরপুর প্রকাশিত: ২৪ মে ২০২৬, বিকাল ০৫:০৮
পিটিয়ে মাকে খুনের দায়ে ছেলের যাবজ্জীবন

দৃষ্টি রিপোর্ট:

টাঙ্গাইলে লাঠি দিয়ে পিটিয়ে মাকে খুনের দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান ওই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম জহিরুল ইসলাম (৩২)। তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দুয়াজানী গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে।

টাঙ্গাইলের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন জানান, নাগরপুরের বঙ্গ বকুটিয়া গ্রামের বাবুল মিয়ার দ্বিতীয় স্ত্রী নূরবানু (৪২) তিন ছেলেকে নিয়ে দুয়াজানী মধ্যপাড়া গ্রামে বসবাস করতেন। নূরবানুর প্রথম স্বামী আব্দুল মিয়ার মৃত্যুর পর তিন ছেলেসহ বাবুল মিয়ার সঙ্গে বিয়ে হয়।

বিগত ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি সকালে মেঝ ছেলে জহিরুল ইসলাম নিজ বাড়িতে তার গর্ভধারিনী মা নূরবানুকে লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে খুন করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ওইদিনই নূরবানুর দ্বিতীয় স্বামী বাবুল মিয়া নাগরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই পুলিশ জহিরুলকে গ্রেপ্তার করে। পরে হত্যার দায় স্বীকার করে জহিরুল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। গ্রেপ্তারের পর থেকে তিনি জেল-হাজতে রয়েছেন।

চাঞ্চল্যকর এ হত্যা মামলায় নাগরপুর থানার এসআই (নিরস্ত্র) মনোয়ার হোসেন ২০২২ সালে ২৮ মে আদালতে চার্জশীট দাখিল করেন। রোববার জহিরুল ইসলামের উপস্থিতিতেই বিচারক রায় ঘোষণা করেন। পরে আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

একই বিষয়ের আরও খবর