দৃষ্টি রিপোর্ট:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে ৩০০ পিস ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধাকে’ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। এরআগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও চিতুলিয়াপাড়ার আজাহার আলীর ছেলে জুলাই যোদ্ধা হাছান আলী (৩৭) এবং একই উপজেলার শালদাইর গ্রামের আব্দুল হকের ছেলে ও গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সদস্য মাহমুদুল হাসান (৩৪)। তারা দুজনই উপজেলা আহত জুলাই যোদ্ধা সমিতির নেতা। তাদের প্রত্যেকের কাছ থেকে ১৫০ পিস করে মোট ৩০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) উপ-পরিদর্শক(এসআই) রাইজ উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তালিকাভুক্ত দুই জুলাই যোদ্ধাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, এসব ইয়াবা তারা গাবসারা থেকে নিয়ে এসে এলেঙ্গা বাসস্ট্যান্ডে বিক্রির জন্য ক্রেতার অপেক্ষায় ছিলেন।’