ইমরুল হাসান বাবু:
টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়ায় মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৫ আগস্ট) দুপুরে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী।
করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা সৈয়দ জাদিদুল হকের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় অন্যদের মধ্যে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার সরোয়ার আশরাফি এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা মতামত তুলে ধরেন।
বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষার প্রতি তাদের আগ্রহী করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এ সময় ইভটিজিং, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। পাশাপাশি অপরাধের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাৎক্ষণিক জানানো এবং অপরাধীদের কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান বক্তারা। এছাড়া মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, নারী প্রতিনিধি, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।