টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

D
Dristy TV
টাঙ্গাইল প্রকাশিত: ৩৫ মিনিট আগে
টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

দৃষ্টি রিপোর্ট:

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৩আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান ওই দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত আব্দুল গফুর (৪২) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মালেঙ্গা (জোয়াহের আলীর চালা) গ্রামের মৃত কানছু সেখের ছেলে।

টাঙ্গাইলের পিপি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম রিপন জানান, প্রায় ৩০ বছর আগে আব্দুল গফুরের সাথে ঘাটাইলের মাকড়াই গ্রামের মৃত কোপাত আলীর মেয়ে সেলিনা খাতুনের বিয়ে হয়। পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকত। বিগত ২০২২ সালের ২০ নভেম্বর সন্ধ্যায় সেলিনা নিখোঁজ হন। পরদিন ২১ নভেম্বর বিকালে মাকড়াই গ্রামের একটি জঙ্গলের ড্রেন থেকে সেলিনার মরদেহ পুলিশ উদ্ধার করে। পারিবারিক কলহের জের ধরে সেলিনা খাতুনকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে স্বামী আব্দুল গফুর।

এ ঘটনায় সেলিনার ভাই আব্দুল মান্নান ২২ নভেম্বর ঘাটাইল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ গফুরকে গ্রেপ্তার করলে তিনি আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। একই বছর ৩১ ডিসেম্বর আদালতে চার্জশীট দেয় পুলিশ।

বিচার শেষে আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জোবায়ের হোসেন জয়।

একই বিষয়ের আরও খবর