নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে নোটিশ

অশ্লীলতা বন্ধের নির্দেশনা
D
Dristy TV
ঢাকা • প্রকাশিত: ৩ ঘণ্টা আগে
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে নোটিশ

দৃষ্টি নিউজ:

জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিক হয়রানির অভিযোগে ক্ষমা চাইতে চিত্রনায়িকা পরীমনিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সেইসঙ্গে সব রকম অশ্লীলতা থেকে বিরত থাকারও নির্দেশনা দেয়া হয়েছে। এই নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। রোববার (৮ নভেম্বর) শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে আগামি সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে সব ধরনের অশ্লীল কথা বা সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয়, অঙ্গভঙ্গি এবং নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, চলচ্চিত্র, ভিডিও, অডিও-ভিজ্যুয়াল চিত্র, স্থিরচিত্র, গ্রাফিকস বা অন্য কোনো মাধ্যমে ধারণ ও প্রদর্শনযোগ্য এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যার শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার(৫ নভেম্বর) চিত্রনায়িকা পরীমনি ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন নিয়ে বের হওয়ার সময় এক সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে গালিগালাজ করেন বলে অভিযোগ উঠেছে।

সেই সঙ্গে, পরীমনির সঙ্গে আসা তার নিরাপত্তারক্ষীদের ধাক্কায় আদালতে আসা এক বিচারপ্রার্থীর মাথা ফেটে যায় বলে জানা গেছে। এদিন পরীমনির আদালতে আসাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

আগের দিন আদালত পরীমনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। পরে আদালতে হাজির হয়ে ৫০০ টাকা মুচলেকা দিয়ে তিনি জামিন পান।

এ সপ্তাহের রাশিফল

এ সপ্তাহের রাশিফল

২২ ঘণ্টা আগে

একই বিষয়ের আরও খবর