দৃষ্টি স্পোর্টস:
প্রথম আলো আয়োজিত ‘নারী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এ অংশ নিতে ঢাকার উদ্দেশ্যে টাঙ্গাইল ত্যাগ করেছে মোনালিসা উইমেন্স স্পোর্টস একাডেমির নারী ফুটবলাররা। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে শহরের কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণ থেকে একটি যাত্রীবাহী বাসযোগে নারী ফুটবল দলটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
দল বিদায়কালে উপস্থিত ছিলেন মোনালিসা উইমেন্স স্পোর্টস একাডেমির সভাপতি মির্জা মাসুদ রুবল, সাধারণ সম্পাদক মুন্নি মোনালিসাসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা।
যাত্রাকালে নারী ফুটবলারদের উদ্দেশ্যে একাডেমির সভাপতি মির্জা মাসুদ রুবল বলেন, ‘প্রথম আলো আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ আমাদের জন্য নিশ্চয়ই গৌরবের বিষয়। টিম ম্যানেজমেন্টের নিয়ম-শৃঙ্খলা মেনে টুর্নামেন্টে অংশ নেওয়ার মধ্য দিয়ে তোমরা টাঙ্গাইলের জন্য ট্রফি বয়ে আনবে- এটাই আমাদের প্রত্যাশা।’
টাঙ্গাইল দলের হেড কোচ রাকিব উদ্দিন স্বপন আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ফুটবলারদের যেভাবে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাতে আমরা ভালো কিছু করার ব্যাপারে অত্যন্ত আশাবাদী। দলের প্রত্যেক খেলোয়াড় যেন সুস্থ থেকে নিজেদের সেরাটা মাঠে উজাড় করে দিতে পারে, সেদিকে আমাদের বিশেষ নজর থাকবে।’
উল্লেখ্য, দেশব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে ঢাকা অঞ্চলের ৮টি দলসহ সারাদেশ থেকে মোট ৩০টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।