দৃষ্টি রিপোর্ট:
সাইবার জগতে প্রযুক্তিগত নিরাপত্তার বিশ্বস্ত পরিবেশ গড়ে তোলার পাশাপাশি মিডিয়া ও সঙ্গীত শিল্পে আন্তর্জাতিক মান বজায় রেখে নিয়মিত কাজ করতে চান সোহান আহমেদ। সোহান আহমেদ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বল্লা গ্রামের মো. আমিনুর ইসলামের ছেলে।
ইতোমধ্যে ডিজিটাল উদ্ভাবন, মিডিয়া প্রডাকশন এবং সুরের ভুবনে একই সাথে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন তরুণ আইটি বিশেষজ্ঞ, ওয়েব ডিজাইনার, সুরকার ও সঙ্গীত পরিচালক সোহান আহমেদ। পেশাগত জীবনে প্রযুক্তি খাত, টেলিভিশন ব্রডকাস্ট মিডিয়া এবং ডিজিটাল মিউজিক ইন্ডাস্ট্রি- ক্ষেত্রে তিনি গড়ে তুলেছেন নিজের শক্তিশালী অবস্থান।
আইটি, ওয়েব ডিজাইন ও সাইবার সিকিউরিটি খাতে দীর্ঘদিন ধরে কাজ করছেন সোহান আহমেদ। তিনি ওয়েবেভিত্তিক তথ্যপ্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘এসএআর টেক’ (SAR TECH)-এর প্রতিষ্ঠাতা। এ প্রতিষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মানের ওয়েবসাইট ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, সাইবার সিকিউরিটি পরামর্শ এবং কারিগরি বিভিন্ন ধরণের সমস্যার সমাধান করে যাচ্ছেন।
তিনি এটিএন বাংলা, চ্যানেল নাইনসহ দেশের শীর্ষস্থানীয় একাধিক স্যাটেলাইট টিভি চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রজেক্টে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে এটিএন বাংলার জন্য জিএম সৈকত পরিচালিত পূজা স্পেশাল নাটক ‘দেবী’, চ্যানেল নাইনে চিত্রনায়ক শিপন মিত্র অভিনীত ও জিএম সৈকত পরিচালিত নাটক ‘ঘর জামাই’-এর অডিও-ভিডিও সম্পাদনা ও মিডিয়া প্রডাকশনের কাজ অন্যতম।
এছাড়া দেশের সুপরিচিত সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ (G Series), সিডি চয়েজ (CD Choice) এবং সুরঞ্জলির ব্যানারে প্রচারিত কণ্ঠশিল্পী আরিয়ান হাসমি ও জিয়াদ সিদ্দিকসহ বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান ও সঙ্গীত শিল্পীর বেশ কিছু জনপ্রিয় গানের অডিও-ভিডিও সম্পাদনা ও মিউজিক ভিডিও নির্মাণে কাজ করেছেন তিনি।
স্বাধীন সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে ডিজিটাল মাধ্যমে স্বত্বাধিকার রক্ষা এবং নিজস্ব প্রকাশনা সুসংগঠিত করার লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন অডিও-ভিডিও লেবেল ‘এসএআর মিউজিক ওয়ার্ল্ড’ (SAR Music World)। এই লেবেলের অধীনে তাঁর সুরারোপিত ও পরিচালিত থেকে শুরু করে অন্যান্য জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পিদের একাধিক ট্র্যাক স্পোটিফাই, অ্যাপল মিউজিক, ইউটিউবসহ আন্তর্জাতিক ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মগুলোতে পরিবেশিত হয়ে আসছে।
এ বিষয়ে টোকাই নাট্যদলের প্রতিষ্ঠাতা, নাট্য পরিচালক ও অভিনেতা সাজু মেহেদীর সাথেও কথা হয়। তিনি সোহান আহমেদ এর ডিজিটাল কর্মকান্ডের বিষয়ে জানান, ‘সোহান আহমেদের মধ্যে আমি অসাধারণ প্রতিভা, মেধা ও সম্ভাবনা দেখতে পাই। তিনি নিজের যোগ্যতা, দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করে নিচ্ছে। আমি বিশ্বাস করি, নিষ্ঠা, আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি বহুদূর এগিয়ে যাবেন। তার মধ্যে ভালো কিছু করার যে সম্ভাবনা রয়েছে, তা সঠিকভাবে বিকশিত হলে ভবিষ্যতে আরও বড় পরিসরে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে পারবে।’
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সোহান আহমেদ জানান, সাইবার জগতে প্রযুক্তিগত নিরাপত্তার বিশ্বস্ত পরিবেশ গড়ে তোলার পাশাপাশি মিডিয়া ও সঙ্গীত শিল্পে আন্তর্জাতিক মান বজায় রেখে নিয়মিত কাজ করে যাওয়াই তাঁর মূল লক্ষ্য।