মির্জাপুর প্রতিনিধি:
ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহ বলেছেন, বাংলাদেশি বিভিন্ন এজেন্সি ভারতীয় ভিসার কোটা ব্লক করে রাখার কারণে সাধারণ ভিসাপ্রত্যাশীরা আবেদন করতে গিয়ে নানা জটিলতার সম্মুখীন হচ্ছেন। একই সঙ্গে এই সমস্যা নিরসনে ভারতীয় হাইকমিশন জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও আশ্বাস দেন তিনি। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডেপুটি হাইকমিশনার বলেন, বেশ কিছু এজেন্সি ভিসার কোটা আগে থেকেই ব্লক করে রাখে। এর ফলে সাধারণ আবেদনকারীরা যথাসময়ে আবেদন জমা দেওয়ার সুযোগ পান না এবং ভিসা প্রাপ্তিতে ভোগান্তি তৈরি হয়। সাধারণ মানুষের এই ভোগান্তি নিরসন এবং প্রক্রিয়াটিকে আরও সহজ ও স্বচ্ছ করতে ভারতীয় হাইকমিশন সক্রিয়ভাবে কাজ করছে।
এর আগে ডেপুটি হাইকমিশনার পবন বাদেহ ঐতিহাসিক কুমুদিনী হাসপাতালের লাইব্রেরি পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি দানবীর রণদা প্রসাদ সাহার নাটমন্দিরে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।