আবেদা খানম গার্লস স্কুলে এসএসসি’র ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

D
Dristy TV
টাঙ্গাইল সদর • প্রকাশিত: ২২ মিনিট আগে
আবেদা খানম গার্লস স্কুলে এসএসসি’র ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

ইমরুল হাসান বাবু:

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আবেদা খানম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষা বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগ রয়েছে, শিক্ষা বোর্ড নির্ধারিত ফি ছাড়াও বিভিন্ন খাতের ব্যয়ের কথা উল্লেখ করে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অভিভাবকদের বাড়তি আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে একাধিক সন্তানের পড়াশোনার ব্যয় বহনকারী পরিবারগুলোর জন্য এ অর্থ জোগাড় করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে নিয়মিত ১৫৯ জন এবং অনিয়মিত ৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করছে। অভিযোগ অনুযায়ী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৮০০ টাকা এবং মানবিক ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৭০০ টাকা করে নেওয়া হচ্ছে।

কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থীর দাবি, শিক্ষা বোর্ড নির্ধারিত বিজ্ঞান বিভাগের ফি ২ হাজার ৪৩৫ টাকা এবং মানবিক ও হিসাববিজ্ঞান বিভাগের ফি ২ হাজার ৩১৫ টাকা। সে হিসাবে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে নির্ধারিত ফির চেয়ে যথাক্রমে ৩৬৫ ও ৩৮৫ টাকা বেশি নেওয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, সন্তানদের পড়াশোনার খরচ বহন করতেই তাদের হিমশিম খেতে হচ্ছে। এরমধ্যে পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা দিতে হলে পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়।

এদিকে, কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক গত বছরের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি, গত বছর প্রতিষ্ঠানটির ফলাফল জেলার মধ্যে তুলনামূলকভাবে খারাপ ছিল। এমন পরিস্থিতিতে শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগের পরিবর্তে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠায় প্রতিষ্ঠানটির শিক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে করটিয়া আবেদা খানম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহসান হাবীব জানান, গভর্নিং বডি ও শিক্ষকদের সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৮০০ টাকা এবং মানবিক ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৭০০ টাকা করে নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এ টাকা আদায় করা হচ্ছে।

টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

একই বিষয়ের আরও খবর