আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

D
Dristy TV
টাঙ্গাইল • প্রকাশিত: ৭ মিনিট আগে
আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

দৃষ্টি বিনোদন:

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ গুরুতর অসুস্থ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন এই নাট্যব্যক্তিত্ব। তার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মামুনুর রশীদ। অভিনেত্রী মোমেনা চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল মামুনুর রশীদকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল, যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে যুক্তরাষ্ট্রের হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। সেখানে ৬ দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন। এরপর অভিনয়েও ফেরেন তিনি।

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র, তিন মাধ্যমেই পাঁচ দশকের বেশি সময় ধরে দাপটের সঙ্গে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও রয়েছে তার বিশেষ পরিচিতি। বাংলাদেশের নাট্যাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই শিল্পীর হাত ধরেই ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’।

১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলের ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন মামুনুর রশীদ। তার বাবা হারুনুর রশীদ এবং মা রোকেয়া খানম। শৈশব থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। স্কুলজীবনে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে সেই আগ্রহের সূচনা। পরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার সময় নাট্যচর্চার সঙ্গে গভীরভাবে যুক্ত হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ষাটের দশকে টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করেন মামুনুর রশীদ। তার লেখা প্রথম টেলিভিশন নাটক ‘চেনামুখ’। স্বাধীনতার পর দেশের নাট্যচর্চাকে এগিয়ে নিতে প্রতিষ্ঠা করেন ‘আরণ্যক নাট্যদল’। দলটির উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে- ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’। এসব নাটকের মধ্য দিয়ে দেশের মঞ্চনাটকে নিজস্ব ভাষা ও চিন্তার স্বাক্ষর রেখেছেন তিনি।

মঞ্চনাটকের পাশাপাশি টেলিভিশন ও চলচ্চিত্রেও অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি অর্জন করেন মামুনুর রশীদ। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’, ‘বরবাদ’ প্রভৃতি। ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি।

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন মামুনুর রশীদ। নাট্যকার, নির্দেশক ও অভিনেতা হিসেবে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান অনস্বীকার্য।

একই বিষয়ের আরও খবর