বাসাইলে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

D
Dristy TV
বাসাইল • প্রকাশিত: ৪১ মিনিট আগে
বাসাইলে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাসাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন দু’তলা ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান মিয়া(২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে বাসাইল পৌরসভার প্রশিকা এলাকায় প্রবাসী আনিসের বাড়িতে ওই দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বাসিন্দা বাবুল মিয়ার ছেলে। তিনি কয়েকদিন ধরে আনিসের নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন।

জানা গেছে, শনিবার সকালে আনিসের নির্মাণাধীন দু’তলা ভবনে রায়হান রডের কাজ করছিলেন। এ সময় রডটি ওপরের দিকে ওঠালে পল্লীবিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান গুরুতর আহত হন। পরে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাসাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

একই বিষয়ের আরও খবর