দৃষ্টি রিপোর্ট:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের প্রয়োজন নিরূপণে তথ্য সংগ্রহের কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর কনফারেন্স রুমে ‘Data Collection Strategy for Student Skills Development Needs Assessment’ শীর্ষক ওই প্রশিক্ষণের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও কাউন্সেলিং সেন্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। প্রশিক্ষণে মূল বিষয়ে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন DPDS-এর ব্যবস্থাপনা পরিচালক তারিকুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শিক্ষার্থী কল্যাণ ও কাউন্সেলিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম।
প্রধান অতিথি ভিসি অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, বিশ্বের পরিবর্তিত কর্মবাজার ও প্রযুক্তিনির্ভর চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। এ লক্ষ্যে আগামী এক বছরের মধ্যে মাভাবিপ্রবির শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের উপযোগী করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ে এআই সেন্টার, ভাষা ইনস্টিটিউটসহ বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি একাডেমিক শিক্ষার বাইরে প্রয়োজনীয় কারিগরি, ভাষাগত ও অন্যান্য ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা হবে। এ বিষয়ে দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর এবং দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমঝোতা স্মারক (MoU) ও চুক্তি সম্পাদনের লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। তিনি এসব উদ্যোগের অগ্রগতির কথাও তুলে ধরেন।
প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।